হরমুজ প্রণালি দিয়ে ৪ দেশের জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে ইরান
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে ছাড় দিয়েছে ইরান। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোকাদ্দাম বলেন, এই চার দেশের জাহাজকে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বর্তমানে আমরা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে ছাড় দিয়েছি। এসব দেশের জাহাজ অবাধে চলাচল করছে। যুক্তরাষ্ট্রের বাহিনীও সেগুলো বাধা দিচ্ছে না।’
হায়াত মোকাদ্দাম বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইরানের পারস্পরিক স্বার্থের বিষয়টি বিবেচনা করেই এ ছাড় দেওয়া হয়েছে।
তিনি জানান, ভারত থেকে ওষুধ আমদানি করতে পারে এমন সুযোগ তৈরির উদ্দেশ্যে দেশটির জাহাজ চলাচলে সুবিধা দিচ্ছে তেহরান। অন্যদিকে, চীনের জাহাজকে ছাড় দেওয়ার উদ্দেশ্য হলো বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা।
হায়াত মোকাদ্দাম বলেন, ভারত ও চীনের জাহাজ থেকে চলাচল ফি আদায় করে ইরান। তবে কাতারের জাহাজ কোনো ফি ছাড়াই পার হতে পারে। ইরাকের জাহাজের ক্ষেত্রে চলাচল ফি নেওয়া হয় কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এপ্রিলে যুদ্ধবিরতি হলেও সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় জুলাইয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও লড়াই শুরু হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি
