এশিয়ান গেমসে উশুতে ব্রোঞ্জ নিশ্চিত করলেন জিন্নাত আক্তার
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হয়েছে উশুর ৫২ কেজি ফাইট ইভেন্টে জিন্নাত আক্তারের হাত ধরে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক পর্বে বাই পাওয়ার পর কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার প্রতিযোগী বাড়তি ওজনের কারণে ডিসকোয়ালিফাই হলে খেলতে না হয়েই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন জিন্নাত।
১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ের লাইটওয়েট ইভেন্টে জেতা পদকই এতোদিন ছিল কোন বাংলাদেশী প্রতিযোগির প্রথম একক ইভেন্টের পদক। দীর্ঘ ৪০ বছরের বন্ধ্যত্ব ঘোচালেন জিন্নাত। সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে তিনি অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন। সেমিফাইনাল ও ফাইনাল জিতলে স্বর্ণ ও রুপার পদকের হাতছানি থাকছে।
উশু থেকে পদকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।
এদিকে, উশুর ৫৬ কেজি পুরুষদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে নকআউট হয়েছেন বাংলাদেশের প্রতিযোগী সজীব হোসেন। পরের রাউন্ডে তিনি আর অংশ নিতে পারেননি। ওয়াক ওভার দিতে বাধ্য হন। তার প্রতিপক্ষ ছিলেন চীনের প্রতিযোগী জিয়ামিন।
