আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
১০ জুন বুধবার পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএএইচএফ) ট্রফির অ-২০ বিভাগে বাংলাদেশ আফগানিস্তানকে ৪৩-২২ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে। প্রথমার্ধে বাংলাদেশ ১৯-১৩ গোলে এগিয়ে ছিল।
বাংলাদেশের মোহাম্মদ রনি সর্বাধিক ৯ গোল করেন। দলটির অধিনায়ক রাতুল উদ্দিন বলেন, 'আমরা আফগানিস্তানের সঙ্গে খেলিনি, তবে আত্মবিশ্বাস ছিল জিততে পারব। প্রথমার্ধে আমি হালকা ইনজুরিতে পড়ি, কিন্তু জয় আমাদের পরবর্তী ম্যাচে আত্মবিশ্বাস দেবে।'
এর আগে ‘এ’ গ্রুপে ভারত ইয়েমেনকে ৫৩-৩১ গোলে পরাজিত করে। আগামীকাল ১১ জুন বাংলাদেশ মালদ্বীপের মুখোমুখি হবে। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশাত্মবোধক গান বাজানো হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
