গভীর সম্পর্কের টানে ঘরছাড়া, উদ্ধার দুই কিশোরী
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে সাত দিনের মধ্যে নীলফামারী থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে মঙ্গলবার (৯ জুন) রাত ৩টা ৫ মিনিটে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই কিশোরীই পোশাক কারখানার শ্রমিক। গত ২ জুন সকাল ৯টার দিকে তারা ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন পরিবারগুলো বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
পরদিন ৩ জুন দুই পরিবারের সদস্যরা পল্লবী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পাওয়ার পরপরই পল্লবী থানার একটি বিশেষ টিম তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজ দুই কিশোরীর অবস্থান শনাক্ত করে।
পরে নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনাটির পেছনে কোনো অপহরণকারী চক্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত ছিল না। বরং দুই কিশোরীর মধ্যে গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠায় পরিবারের আপত্তি এড়িয়ে তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে একসঙ্গে থাকার উদ্দেশ্যে নীলফামারীতে চলে যায়।
জানা গেছে, উদ্ধারকৃত দুই কিশোরীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের দাবি, দ্রুত তদন্ত ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের ফলে নিখোঁজের মাত্র সাত দিনের মধ্যেই দুই কিশোরীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
