পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান
সংগৃহীত ছবি
পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।
রোববার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধিরা পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহের কথা জানান। তারা বলেন, চীনে বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও এ খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।
প্রতিষ্ঠানটির বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সব সময় উৎসাহিত করে আসছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।
তবে পায়রা বন্দরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পায়রা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই এর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
