বিমানবন্দরে যাত্রীরা ১৫-২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন, দাবি মন্ত্রীর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। এ ব্যবস্থার মাধ্যমে তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন। যাত্রীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের লাগেজ প্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। আজ আপনারা এর বাস্তবায়ন দেখতে পাচ্ছেন।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীরা তাকে জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তবে ভবিষ্যতেও এ সেবার মান ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন তারা। যাত্রীসেবার মান বজায় রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে বিমানমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে এ রুটে আবারও ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে।
তিনি আরও বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
