ইরানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করতে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ
ইরানের সঙ্গে থাকা সব স্থল সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য ইরাকের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। উদ্ভূত এই পরিস্থিতিতে সংকট নিরসনে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইরানের কর্মকর্তারা। শনিবার (২৮ নভেম্বর) তেহরানে ইরাকি একটি প্রতিনিধিদল পৌঁছানোর পর দুপক্ষের মধ্যে এই আলোচনা শুরু হয়। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলজাজিরা নিশ্চিত করেছে যে, ইরাকি প্রতিনিধিরা ইতিমধ্যে তেহরানে অবস্থান করছেন এবং সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন চাপের মুখে ইরাক যদি সীমান্ত বন্ধ করে দেয়, তবে স্থলপথেও পণ্য সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে—এমন শঙ্কায় ভুগছে তেহরান।
উল্লেখ্য, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরোপের পর থেকে ইরান মূলত স্থলপথ ব্যবহার করেই তাদের আমদানি ও রপ্তানি কার্যক্রম সচল রেখেছে। তাই নৌপথের পর এবার স্থলপথেও ইরানকে পুরোপুরি অবরুদ্ধ করার কৌশল নিয়েছে ওয়াশিংটন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় সীমান্ত বন্ধ না করার জন্য ইরাককে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শক মোহাম্মদ মোখবের। বাগদাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরাক যেন কোনোভাবেই ইসলামের শত্রু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ারে পরিণত না হয়।
অন্যদিকে, আলজাজিরার কাছে মার্কিন চাপের বিষয়টি স্বীকার করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাদের দুটি ক্রসিং বাদে ইরানের সঙ্গে থাকা বাকি সব সীমান্ত পথ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। খোলা রাখতে বলা ক্রসিং দুটির একটি কুর্দিস্তান অঞ্চলে এবং অপরটি বাগদাদের নিকটবর্তী এলাকায় অবস্থিত।
যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান এবং ইরাকের ওপর ক্রমবর্ধমান চাপ তেহরানকে গভীর উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে।
সূত্র: আলজাজিরা
