কুয়েতে ইরানের ড্রোন হামলা, আহত ৪
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নতুন করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কোন স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কুয়েতি নাগরিক, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, কুয়েতে ইরানের এই ড্রোন হামলার প্রায় একই সময়ে সৌদি আরবের উপকূলীয় অঞ্চল জিজানে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই কুয়েতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা শুরু করে তেহরান। এর আগে কুয়েতে ইরানের এক ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছিলেন এবং ভুলবশত দেশটির সেনাদের গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।
উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ কুয়েতে মার্কিন সেনাদের বড় ধরনের উপস্থিতি রয়েছে। মূলত সেসব মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করেই ইরান এসব হামলা চালিয়ে আসছে। এর আগে গত সপ্তাহে বাহরাইনেও একাধিকবার ড্রোন হামলা চালায় ইরান, যার মধ্যে সর্বশেষ হামলায় দেশটির একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
(সূত্র: আলজাজিরা)
