হরমুজ প্রণালিতে একের পর এক ট্যাংকার-জাহাজে হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মাত্র গত ১০ দিনেই তারা প্রণালিটিতে ৪০টি জাহাজে হামলা চালিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৬০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। তবে সাম্প্রতিক সময়ে এই হামলার তীব্রতা অনেক বেড়েছে—যার প্রমাণ গত ১০ দিনে ৪০টি জাহাজে আক্রমণ। ইরানের মূল কৌশল হলো এই পথে চলাচলের ক্ষেত্রে তাদের শত্রুপক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যয় ও ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেওয়া।
আলজাজিরা জানায়, বিপ্লবী গার্ড তাদের বিবৃতিগুলোতে সরাসরি হামলার বদলে ভিন্ন ভাষা ব্যবহার করছে। তাদের দাবি, জাহাজগুলো হয় কোনোভাবে ধাক্কা খেয়েছে, অতিরিক্ত উত্তপ্ত হয়ে গেছে অথবা এগুলোতে আগুন ধরে গেছে। এছাড়া তারা বারবার বলছে যে, এই জাহাজগুলো ‘অনুমোদিত পথ’ দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে ইরানের এই আগ্রাসী অবস্থান ও উত্তেজনা বৃদ্ধির মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ। দীর্ঘদিন ধরে এই অবরোধের মুখে থাকায় ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দেশটির পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না।
ফলে পরিস্থিতি বদলাতে ইরান হরমুজে উত্তেজনা বাড়িয়ে চাপ তৈরির পথ বেছে নিয়েছে। তাদের মূল লক্ষ্য হলো—হয় যুক্তরাষ্ট্রকে এই নৌ-অবরোধ প্রত্যাহারে বাধ্য করা, নতুবা পুনরায় পূর্ণমাত্রায় সংঘাতে জড়িয়ে পড়া। কৌশলটি ইরানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় তেহরান এই ঝুঁকি নেওয়াকেই যথার্থ মনে করছে।
সূত্র: আলজাজিরা
