এআই চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে চীনা পণ্যের বিক্রি রেকর্ড গড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসেই চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তবে এই বিশাল বাণিজ্য উদ্বৃত্তের কারণে আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের সঙ্গে দেশটির উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আগামী সপ্তাহে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন শুরু হবে। ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠকে দু’দেশের শুল্কনীতি ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে মূল আলোচনা হতে পারে।
চীনের অভ্যন্তরীণ বাজারে টানা আবাসন মন্দা ও কেনাকাটার হার কমে যাওয়ায় দেশটির অর্থনীতি বর্তমানে অনেকাংশে বিদেশের বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এআই খাতে বিশ্বব্যাপী বিনিয়োগ ২০২৭ সাল পর্যন্ত চীনকে সুবিধা দিলেও বিদেশের বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা চীনের অভ্যন্তরীণ দুর্বলতা ঢেকে রাখতে পারবে না এবং বহির্বিশ্বে সুরক্ষাবাদী বাণিজ্য বাধার মুখোমুখি করবে।
গত অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় চীনা পণ্যের রপ্তানি ৩৫.২ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাসকে পেছনে ফেলে কেবল এআই এবং উচ্চপ্রযুক্তি পণ্যের ওপর নির্ভর করেই এই প্রবৃদ্ধি হয়েছে চীনের। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয় বছরের মতো চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। ২০২৫ সালের তুলনায় এবার এক মাস আগেই চীন এই সফলতা অর্জন করেছে।
এই বিশাল উদ্বৃত্তের ফলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চীনের বাণিজ্যিক বিরোধ তৈরি হতে পারে। চীনের তৈরি হাইব্রিড গাড়ি আমদানিতে ইইউ কঠোর নিয়ম আরোপের উদ্যোগ নেওয়ায় চীনা কোম্পানিগুলো আগেভাগেই ইউরোপের বাজারে বিপুল পরিমাণ পণ্য পাঠাচ্ছে।
অর্থনীতিবিদরা বলছেন, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সাময়িক শুল্ক-বিরতির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা এখনো বড় উদ্বেগের কারণ। চীন সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে শুল্ক কমালেই কেবল তারা আমেরিকান কৃষিপণ্য বেশি করে কিনবে।
গবেষণা সংস্থা ট্রিভিয়াম চায়নার প্রধান ম্যাক্রো-ইকোনমিস্ট জো পিসেল বলেন, ২০২৭ সালেও অতিরিক্ত শুল্ক এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিবন্ধকতার ঝুঁকি থেকে যাচ্ছে, বিশেষ করে যখন চীনা প্রস্তুতকারকরা বিদেশের বাজারে তাদের আধিপত্য ক্রমাগত প্রসারিত করছেন।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত আগের মাসের ৩৪.০১ বিলিয়ন ডলার থেকে কিছুটা কমে ৩২.৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক বৈষম্য মূল উত্তেজনার কারণ হিসেবে রয়ে গেছে।
অন্যদিকে, অক্টোবরে চীনের আমদানি আগের বছরের তুলনায় ৪১.৬ শতাংশ বেড়েছে, যা রয়টার্সের সমীক্ষায় পূর্বাভাস দেওয়া ৩২ শতাংশ এবং সেপ্টেম্বরের ৩১ শতাংশ প্রবৃদ্ধির চেয়েও অনেক বেশি। চীনের শুল্ক বিভাগের তথ্য বলছে, বিরল মৃত্তিকা ধাতু রপ্তানি আগের মাসের তুলনায় কিছুটা বেড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার পর তা কাটিয়ে উঠে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি মার্চ মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ক্যাপিটাল ইকোনমিক্সের চীন বিষয়ক অর্থনীতিবিদ এনগুয়েন হোয়াং নাম বলেন, গত মাসে বিরল মৃত্তিকা ধাতুর রপ্তানি কমার গতি ধীর হয়েছে। এতে বেইজিং রপ্তানি নিয়ন্ত্রণের কঠোর নিয়ম কিছু ক্ষেত্রে শিথিল করা শুরু করেছে বলে ইঙ্গিত মিলেছে। বিরল মৃত্তিকা সরবরাহের ওপর ওয়াশিংটনের নিরবচ্ছিন্ন চাপের কারণে এটি হতে পারে।
তবে বাণিজ্য বৃদ্ধির এই তথ্যে বাজার সূচকে বড় কোনো প্রভাব পড়েনি। দুপুরের বিরতির সময় চীনের ব্লু-চিপ সিএসআই৩০০ (CSI300) ইনডেক্স এবং সাংহাই কম্পোজিট ইনডেক্স উভয়ই মাত্র ০.১ শতাংশ ইতিবাচক ছিল।
বর্তমানে বেইজিংয়ের প্রধান দুশ্চিন্তার জায়গা হলো চীনের সাধারণ মানুষের কেনাকাটায় অনাগ্রহ। আবাসন খাতে ধসের কারণে মানুষের সম্পদ ও অর্থনৈতিক আত্মবিশ্বাস কমে গেছে। ফলে চীনের তৈরি গাড়ির বিক্রি দেশের বাজারে টানা ১২ মাস ধরে কমলেও বিশ্ববাজারে চীনা গাড়ির রপ্তানি দারুণ গতিতে বাড়ছে।
সামগ্রিকভাবে সেমিকন্ডাক্টর রপ্তানি গত বছরের তুলনায় ১১১.১ শতাংশ এবং সামগ্রিক হাই-টেক পণ্যের রপ্তানি ৪৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলেছেন, শেয়ারবাজারে সাময়িক অনিশ্চয়তা থাকলেও আগামী কয়েক মাস এআই-সংশ্লিষ্ট পণ্যের চাহিদা এভাবেই তুঙ্গে থাকবে; যা চীনকে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধে এগিয়ে রাখছে।
