ইরানে টিভিতে হঠাৎ প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
ইরানের বিভিন্ন টিভি চ্যানেলে হঠাৎ করেই পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায় সম্পর্কে নির্দেশনা প্রচার করা হচ্ছে। পারমাণবিক হামলা হলে কী করতে হবে সে বিষয়ে পাঁচটি নির্দেশনা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এসব নির্দেশনা প্রচার করা হয়।
প্রথম নির্দেশনায় বলা হয়েছে, বিস্ফোরণের দিকে তাকানো থেকে বিরত থাকতে হবে। হামলা হলে তাৎক্ষণিকভাবে শক্ত কোনো কিছুর ভেতরে আশ্রয় নিতে হবে এবং নিচের দিকে মুখ করে শুয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত বিস্ফোরণের তরঙ্গ পার না হয়।
দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, বিস্ফোরণের তরঙ্গ চলে যাওয়ার পর সবাইকে নিকটস্থ ভবনে প্রবেশ করতে হবে এবং জানালা ও বাইরের দেওয়াল থেকে দূরে থাকতে হবে। বিস্ফোরণের পর বাইরে থাকা এবং এর কোনো ছবি তোলা যাবে না। গাড়িকে কোনো আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যাবে না।
তৃতীয় নির্দেশনায় বলা হয়েছে, যদি কারও শরীরে পারমাণবিক বোমার তেজস্ক্রিয় কণা লাগে তাহলে কুসুম গরম পানি ও সাবান দিয়ে তা ধুয়ে ফেলতে হবে এবং কন্ডিশনার ছাড়া সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে। যদি গোসল করা সম্ভব না হয় তাহলে মুখ, হাত এবং শরীরের খোলা স্থানগুলো পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
চতুর্থ নির্দেশনায় বলা হয়েছে, বোমা হামলার পর অন্তত ২৪ ঘণ্টা কোনো আশ্রয়স্থলে অবস্থান করতে হবে। পারমাণবিক হামলা হলে শুধুমাত্র বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার খেতে হবে।
পঞ্চম নির্দেশনায় বলা হয়েছে, ২৪ ঘণ্টা পার হলেই সবকিছু নিরাপদ হয়ে যাবে এমনটি ভেবে নিজে থেকে বের হওয়া যাবে না। বের হওয়ার আগে অবশ্যই অফিসিয়াল নির্দেশনা মানতে হবে। তবে কোনো ভবনে যদি আগুন লাগা বা ধসে পড়ার শঙ্কা থাকে তাহলে অন্য কোনো ভবনে চলে যেতে হবে।
সূত্র: এনডিটিভি
