‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গে গরু জবাই ও গোহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত গরুর ক্ষতি করা হলে সংশ্লিষ্টদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
একই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।
জনসভায় গরু সুরক্ষার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গোমাতার নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। গরুর ওপর কেউ যেন আঘাত না করে, সে বিষয়ে সতর্ক করে দেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, গোমাতার ক্ষতি করা উচিত নয়। এমন ঘটনা ঘটলে তার চেয়ে কঠোর অবস্থান আর কেউ নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা এবং অবৈধ স্থাপনা নিয়েও কথা বলেন বিজেপির এই নেতা। তিনি বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ মাদরাসা পরিচালনা করতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রম ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় ভারতে অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশিদের শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
একই জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী, একদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে, অন্যদিকে সিএএর আওতায় যোগ্য হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।
