কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বোমাতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিমানবন্দরের নারীদের শৌচাগারে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে ৩০ নম্বর গেটে বোমা রাখা আছে বলে লেখা ছিল। চিরকুটটি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
চিরকুটটি পান এক পরিচ্ছন্নতাকর্মী। এরপরপরই এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও বম্ব স্কোয়াডের দল বিমানবন্দরে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। তবে কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
দুর্গাপূজার ছুটি শেষে শুক্রবার বিমানবন্দরে অন্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় বেশি ছিল। এর মধ্যেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় যাত্রী ও বিমানবন্দরকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এর আগে, গত ৮ অক্টোবর কলকাতার একই বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সে সময় ইমেইলে বিমানবন্দরের ভেতরে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। পরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বম্ব স্কোয়াড তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
