আবারও আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এর মধ্যেই বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় দিল্লি পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধীকে পুলিশ একটি বাসে তুলে নিয়ে যাচ্ছে। কয়েক মিনিট পর প্রিয়াঙ্কা গান্ধীও অন্য একটি বাসের সামনে রাস্তায় শুয়ে পড়েন। পরে তাকেও পুলিশ সরিয়ে নিয়ে যায়। এ সময় বাসের ছাদে উঠে যাওয়া কংগ্রেস কর্মীদেরও আটক করে পুলিশ।
বিরোধী সংসদ সদস্যদের জন্তর মন্তরে নেওয়ার জন্য বাসগুলো রাখা হয়েছিল। তবে পরে টেলিভিশন ক্যামেরাগুলো বিক্ষোভের দৃশ্য ধারণের জন্য বাসগুলোকে ব্যবহার করতে থাকে। একপর্যায়ে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীকে বহনকারী বাসের একটি টায়ার ফুটো করে দেন। এরপর পুলিশ তাকে অন্য একটি গাড়িতে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আমরা প্রতিবাদ থামাব না।’
তিনি আরও বলেন, ‘এই দেশের সবচেয়ে পবিত্র বিষয়টি রক্ষার জন্য আমরা লড়াই করছি। নরেন্দ্র মোদি ও অমিত শাহ এমন কিছুই করতে পারবেন না, যা আমাদের থামিয়ে দেবে।’
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
