পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প
সংগৃহীত ছবি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিগগির আরেকটি মুখোমুখি বৈঠক হতে পারে। তবে, আগামী জি-২০ সম্মেলনে এ বৈঠক হওয়ার সম্ভাবনা কম। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মিয়ামির কাছে ডোরালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জি-২০ সম্মেলনের ফাঁকে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর জবাবে ট্রাম্প বলেন,আমি জানি, তিনি (পুতিন) বৈঠক করবেন। আলাস্কায় আমাদের এরই মধ্যে একটি বৈঠক হয়েছে। আমি মনে করি, তিনি আরেকটি বৈঠক করবেন। তবে, মিয়ামিতে হবে কি না, তা জানি না।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প নিজেই এমন তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস।
ট্রাম্প আরও জানান, ইউক্রেন সংঘাতের অবসানে পুতিন সমঝোতায় পৌঁছাতে চান বলে তিনি মনে করেন।
ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ শেষ হতে দেখতে চান। আমার মনে হয়, তারা দুজনই যুদ্ধ শেষ হতে দেখতে চান। সত্যি বলতে, এখন সময় এসেছে। ... আমার মনে হয়, তারা দুজনই যুদ্ধ শেষ করতে চান।
রাশিয়া এর আগে একাধিকবার কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধানে নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করলেও মস্কোর অভিযোগ, কিয়েভ কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানে প্রস্তুত নয়।
