মমতা ও শরদ পাওয়ারের কংগ্রেসে ফেরার আলোচনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি কি আবার কংগ্রেসে ফিরে যাবে? তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, কংগ্রেস থেকে বেরিয়ে এসে গঠিত দলগুলো আবার পুরোনো দলে ফিরতে পারে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বৃহস্পতিবার (১১ জুন) তৃণমূলের সংযুক্তির আলোচনা ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিলেও, মহারাষ্ট্রের বর্ষীয়ান কংগ্রেস নেতা নানা পাটোলে ইঙ্গিত দিয়েছেন যে, এমন একটি প্রক্রিয়া চলছে। তিনি জানান, ‘সমমনোভাবাপন্ন দলগুলো’ কংগ্রেসে একীভূত হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পাটোলে সাংবাদিকদের বলেন, ‘শরদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার মানসিকতা তৈরি করছেন।’ তিনি এটিকে জোট নয়, বরং সরাসরি সংযুক্তি হিসেবে উল্লেখ করেন। এনসিপি-এসপি সংযুক্তির প্রস্তাবের বিষয়ে পাটোলে দাবি করেছেন যে, এটি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল।
রাজনীতির এই গুঞ্জনকে তীব্র করেছে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট, যিনি ছোট দলগুলোকে কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সঞ্জয় রাউত যা বলেছেন, তাতে যৌক্তিকতা আছে। সময় এসেছে বিচ্ছিন্ন দলগুলো আবার ফিরতে।’
অতীতে, মমতা ১৯৯৮ সালে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল গঠন করেছিলেন এবং শরদ পাওয়ার ১৯৯৯ সালে এনসিপি প্রতিষ্ঠা করেন। বর্তমানে উভয় দলই সংকটের মুখোমুখি। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর মধ্যে বৈঠক হয়েছে, যেখানে তৃণমূল একটি শক্তিশালী জোট গড়ার ইচ্ছা প্রকাশ করেছে।
তবে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সংযুক্তির প্রস্তাব তৃণমূলের পক্ষ থেকেই আসতে হবে; কংগ্রেস এই বিষয়ে চাপ সৃষ্টি করছে না।
