নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কার্যক্রম শুরু করলো ইরান
ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। জুন মাসের শেষ দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার এক সপ্তাহ পর থেকে এই প্রক্রিয়া শুরু হলো।
ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদ একটি ডিক্রি জারি করেছেন যাতে তিনি বিভিন্ন প্রদেশের গভর্নরকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য তিন দিনের মধ্যে নিজ নিজ এলাকায় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ইরানের সংবিধানের ১৩১ নম্বর ধারায় বলা হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যু হলে অথবা তিনি দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে গেলে ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নতুন প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হবেন।
এর আগে গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকতা নিহত হন। এর পরদিনই ইরান সরকার জরুরি বৈঠকে বসে এবং আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঠিক করে। ভোটগ্রহণের দুই সপ্তাহ আগে ইরানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। আগামী ১২ জুন নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ২৭ জুন পর্যন্ত তা চলবে।
