পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, ফলাফল জানা যাবে আজ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফল সোমবার (৪ মে) ঘোষণা করা হবে। ফলতা আসনে নির্বাচন স্থগিত থাকায় সেখানে ২১ মে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, এরপর শুরু হবে ইভিএমে দেওয়া ভোটের গণনা। রাজ্যজুড়ে মোট ৭৭টি গণনা কেন্দ্রে ৪৫৮টি হলে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। চুঁচুড়া কেন্দ্রে সর্বোচ্চ ২৭ রাউন্ড গণনা হবে, আর মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে সর্বনিম্ন ১০ রাউন্ড করে গণনা হবে। গোটা প্রক্রিয়া তদারকির জন্য ২৯৩ জন গণনা পর্যবেক্ষক, ১৬৫ জন অতিরিক্ত পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন রয়েছেন।
দুপুর ১ নাগাদ প্রাথমিক ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কিছু কেন্দ্রে গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে। এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট গ্রহণ হয়েছে—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটারদের রায় বর্তমানে স্ট্রং রুমে সুরক্ষিত ইভিএমে সংরক্ষিত রয়েছে।
নিরাপত্তার জন্য প্রতিটি গণনা কেন্দ্রে তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। গণনা কেন্দ্রের ১০০ মিটার এলাকায় যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী গণনা কক্ষের নিরাপত্তার দায়িত্বে থাকবে এবং পুরো প্রক্রিয়া সিসিটিভির আওতায় রাখা হয়েছে।
রাজ্যের রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা বিরাজ করছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টি—উভয় শিবিরই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বুথফেরত সমীক্ষার অধিকাংশেই পরিবর্তনের ইঙ্গিত মিললেও তৃণমূল তা মানতে নারাজ। সবচেয়ে বেশি নজর রয়েছে ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আজই আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনাও অনুষ্ঠিত হবে। এসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ফলাফলও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
