শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েই বিভ্রান্তিতে ছিলাম: জুলকারনাইন সায়ের
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে করে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এমন একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা আদৌ জীবিত আছেন কি না, তা নিয়েই এতদিন তিনি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।
পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, “সত্যি বলতে, এতদিন আমি নিজেও বেশ বিভ্রান্তিতে ছিলাম। হাসিনা কি বেঁচে আছেন, নাকি গদি হারিয়ে দেশছাড়া হওয়ার শোক সইতে না পেরে পরলোকে পাড়ি জমিয়েছেন?”
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে কটাক্ষ করে এই সাংবাদিক উল্লেখ করেন, তাঁর ধারণা অনুযায়ী দেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনার একটি পরিকল্পনা হতে পারে সীমান্তে টানেল খননের সম্ভাবনা যাচাই করা, আর বিকল্প পরিকল্পনা হতে পারে বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটে চড়ে ফেরা।
জুলকারনাইনের দাবি, শেখ হাসিনার ঘনিষ্ঠজনেরা তাঁকে এমন এক কাল্পনিক আবহে রেখেছেন, যেখানে তিনি এখনো নিজেকে ক্ষমতাসীন বলেই মনে করছেন। এ প্রসঙ্গে তিনি শেখ সেলিম, শেখ হেলাল, তন্ময়, নিক্সন, লিটন, শেখ মারুফ, তাপস, পরশ, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম, ওবায়দুল কাদের, সম্রাট ও জাহাঙ্গীরের নাম উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে শেখ হাসিনাকে যুক্ত রেখে তাঁর সামনে দেশে বিপুলসংখ্যক কর্মী প্রস্তুত থাকা, চট্টগ্রাম নিয়ন্ত্রণে নেওয়া কিংবা বিমানবন্দর দখলের মতো নানা অবাস্তব তথ্য তুলে ধরা হচ্ছে। এসব দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে জুলকারনাইন বলেন, এসব কথা শুনেই শেখ হাসিনা দেশে ফেরার স্বপ্ন দেখছেন।
পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, ১৬ ডিসেম্বর বিমানে করে দেশে ফেরার কথা বলে শেখ হাসিনা একদিক থেকে ভালোই করেছেন। তবে এর পেছনের কারণ কী, তা আগামী ১৭ ডিসেম্বর লিখবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে নিজের দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা। এ বিষয়ে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
