মাকে ভিডিওতে এনে বাবার বিরুদ্ধে বহুবিবাহের অভিযোগ তাশরীফের
সংগৃহীত ছবি
অসুস্থ বাবাকে ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগে আলোচনায় থাকা ইসলামি বক্তা ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফকে নিয়ে বক্তব্য দিয়েছেন তার মা।
ছেলের বিরুদ্ধে স্বামীর করা অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, তাশরীফ তার বাবাকে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন। পাশাপাশি স্বামী মাওলানা মো. হেদায়েতুল্লাহর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগও তুলেছেন তিনি। ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের মায়ের নাম জানা যায়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে তাশরীফের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তার মা।
ভিডিওতে তিনি বলেন, তাশরীফ তাঁর বাবার ভরণপোষণ করেন না কিংবা খোঁজখবর রাখেন না- এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, বাবা-ছেলের মধ্যে সাম্প্রতিক ঝগড়া-বিবাদের কারণে গত দুই থেকে তিন মাস ধরে টাকা দেওয়া বন্ধ রয়েছে। এর আগে প্রতি মাসে তাশরীফ তার বাবাকে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন।
তাশরীফের মায়ের অভিযোগ, অন্যদের কথায় প্রভাবিত হয়ে তার স্বামী ছেলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। তার ভাষ্য, ছেলের সাফল্য ও সামাজিক অবস্থান নিয়ে বিভিন্নজনের কথাবার্তা থেকেই বাবা-ছেলের মধ্যে বিরোধ আরো বেড়েছে।
ভিডিওতে স্বামীর বিয়ে নিয়েও কথা বলেন তিনি। তাঁর দাবি, তিনি সংসারে থাকা অবস্থায় তাঁর স্বামী আরো সাতটি বিয়ে করেছিলেন। পরে তিনি জানতে পেরেছেন, মাওলানা হেদায়েতুল্লাহ মোট ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন।
তাশরীফের বাবার বিরুদ্ধে তার মায়ের এসব বক্তব্য পারিবারিক বিরোধকে নতুন করে আলোচনায় এনেছে। তবে ভিডিওতে করা অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি। এ বিষয়ে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহর বক্তব্যও পাওয়া যায়নি।
