হিজাব ছাড়া গান গাওয়ায় গায়িকাকে ৭৪ বেত্রাঘাত, সংগীতচর্চায় নিষেধাজ্ঞা
হিজাব ছাড়া কনসার্টে গান গেয়ে তা ইউটিউবে প্রকাশ করার অপরাধে ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। পাশাপাশি আদালত তাঁকে দুই বছরের জন্য সংগীতচর্চা, শিল্পকর্ম ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন। একই ঘটনায় তাঁর ব্যান্ডের চার সদস্যকেও অনুরূপ শাস্তির মুখে পড়তে হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, ২৯ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে দেওয়া বেত্রাঘাতের সাজা সোমবার (২৩ নভেম্বর) কার্যকর করা হয়।
২০২৪ সালের ডিসেম্বরে ধারণ করা ‘কল্পনার কনসার্ট’ শিরোনামের একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলেন পারাস্তু আহমাদি। ভিডিওটিতে তিনি নয়টি ফারসি গান পরিবেশন করেন, যা ইতোমধ্যে ৩২ লাখের বেশি বার দেখা হয়েছে। ওই পরিবেশনায় পারাস্তুর পরনে লম্বা পোশাক থাকলেও তাঁর মাথা ও কাঁধ অনাবৃত ছিল এবং তাঁর সঙ্গে কয়েকজন পুরুষ সংগীতশিল্পী বাদ্যযন্ত্র বাজিয়ে অংশ নিয়েছিলেন।
পারাস্তুর আইনজীবীর বরাতে জানা গেছে, পারাস্তু আহমাদি এবং তাঁর ব্যান্ডের সদস্য সোহেইল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারিকে কোম শহরের প্রসিকিউটর কার্যালয়ের সাজা কার্যকরকারী বিভাগে নিয়ে গিয়ে বেত্রাঘাতের শাস্তি কার্যকর করা হয়।
এর আগে কোমের একটি ফৌজদারি আদালত ‘সাইবার জগতে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করে রায় দেন। পরবর্তীতে আপিল আদালতও সেই রায় বহাল রাখেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের এককভাবে গান পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে দেশটির অনেক নারী সংগীতশিল্পী কেবল ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে বাধ্য হন; কেউ কেউ সংগীতচর্চা ছেড়ে দিয়েছেন, আবার অনেকে দেশত্যাগ করেছেন।
তবে নিজের এই ভার্চুয়াল কনসার্টকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরেছিলেন পারাস্তু আহমাদি। ভিডিওটি প্রকাশের সময় তিনি লিখেছিলেন, “আমি পারাস্তু। এমন এক মেয়ে, যে তার প্রিয় মানুষদের জন্য গান গাইতে চায়। এটি এমন একটি অধিকার, যা আমি উপেক্ষা করতে পারিনি।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তেহরানসহ ইরানের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। স্থানীয়দের ভাষ্যমতে, শহরের ট্যাক্সি, ক্যাফে ও রাস্তাঘাটে পারাস্তুর গান বাজতে শোনা যেত। সে সময় উত্তরাঞ্চলীয় শহর সারি থেকে পারাস্তুকে আটক করা হলেও ব্যাপক জনরোষের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া গত অক্টোবরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরানি কর্তৃপক্ষের প্রতি পারাস্তু ও তাঁর সহশিল্পীদের বেত্রাঘাতের সাজা বাতিলের আহ্বান জানিয়েছিল।
এদিকে, ইরানের অলাভজনক প্রতিষ্ঠান ‘হাউস অব মিউজিক’-এর প্রধান হামিদ রেজা নুরবাখশ নারী শিল্পীদের সংগীতচর্চা নিয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকার সমালোচনা করেছেন। তাঁর মতে, নারীদের গান গাওয়া নিষিদ্ধ করে এমন কোনো স্পষ্ট ধর্মীয় বিধান নেই; তাই বিষয়টির একটি চূড়ান্ত সমাধান হওয়া জরুরি।
পারাস্তু আহমাদির ওপর কার্যকর হওয়া এই শাস্তি ইরানে নারীদের সাংস্কৃতিক স্বাধীনতা, মতপ্রকাশ ও সংগীতচর্চার অধিকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
