সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরে তাঁকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে তিনি দেশের সার্বভৌমত্বে আঘাত হানা, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে দেশবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর দুর্বৃত্তরা জনমনে আতঙ্ক সৃষ্টি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায় এবং সেখান থেকে লাল টেপ জড়ানো কৌটার পোড়া অংশ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও কাচের টুকরা আলামত হিসেবে জব্দ করে। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি দায়ের করা হয়।
