সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ জড়িত, শনাক্ত ৩: পুলিশ
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ কর্মীকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন—জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার রুহুল আমিনের ছেলে মো. আলামিন ওরফে মুন্না, একই এলাকার এনামুল হকের ছেলে মো. সাইফ ওরফে পিকু এবং দীঘিনালা উপজেলার মোহাম্মদ ওমর ফারুক। শনাক্ত হওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের পরিচয় উদ্ঘাটনের কাজ অব্যাহত রয়েছে।
ওসি কায় কিসলু বলেন, এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে হামলাকারীদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চারজন দুর্বৃত্ত বাজারের ব্যাগে করে কেরোসিন ও পেট্রোল নিয়ে জেলা সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আসে। এরপর তারা বাড়ির চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগের পর সেই দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকেও ছড়িয়ে দেওয়া হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাদিক কায়েমের মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার উদ্দেশ্যেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।
এদিকে ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগী পরিবারকে সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
