সাভার-আশুলিয়ায় পোশাকশিল্পে সহিংসতা, সুনির্দিষ্ট অভিযোগ ৫ শ্রমিকনেতাসহ গ্রেপ্তার ৯৬
সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় বিভিন্ন শ্রমিক ফেডারেশনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এসব ঘটনায় পুলিশের সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। আহত হয়েছেন শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের প্রায় ৫০ সদস্য। এ ছাড়া সংঘবদ্ধ হামলায় এক পোশাকশ্রমিক নিহত হওয়ার অভিযোগে আশুলিয়া থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সাভার ও আশুলিয়া থানায় সহিংসতার ঘটনায় দায়ের করা ১৮টি মামলায় এ পর্যন্ত ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের দায়িত্বশীল নেতা। পুলিশের দাবি, সাধারণ শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের দাবিকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষকে একটি মহল নিজেদের স্বার্থে ব্যবহার করে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর সকাল ১১টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক ও অন্যরা সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের ওপর ইটপাটকেল, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। হামলায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুরুতর আহত হন। আহত হন আরও ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য। এ ঘটনায় ৫ নভেম্বর সাভার মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকা থেকে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস (৫১) এবং কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, তাঁদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই নেতার বিরুদ্ধে কারখানার মালিকদের কাছ থেকে চাঁদা আদায় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। পুলিশের দাবি, তদন্তে পাওয়া তথ্য ও আলামতে সহিংসতার ঘটনায় তাঁদের উপস্থিতি এবং ভূমিকার প্রাথমিক ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, গত ৩ নভেম্বর আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ জন বিক্ষুব্ধ শ্রমিক কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালান। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীদের বাধা দিতে গেলে কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা মারধরের শিকার হন। একপর্যায়ে কারখানার প্রশাসনিক বিভাগের মহাব্যবস্থাপকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
এ ছাড়া কারখানার ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে কারখানার ভেতর থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জিরাবো আঞ্চলিক কমিটির সভাপতি মো. মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল হালিমকে (৩৭)। মো. মনসুর আলী একই সঙ্গে তাঁর সংগঠনের আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, স্থানীয়ভাবে সংগৃহীত তথ্য ও মামলার নথিতে এসব নেতার সংশ্লিষ্টতার প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। শ্রমিক অসন্তোষের নেপথ্যে পরিকল্পিত উসকানির অভিযোগ রয়েছে বলছেন পুলিশ
ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কারখানার মালিক, শ্রমিক ও বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা শ্রমিক অসন্তোষকে পরিকল্পিতভাবে সহিংসতার দিকে নিয়ে যাওয়ার কিছু প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার শ্রমিকনেতাদের বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের আন্দোলনে অংশ নিতে চাপ দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, আন্দোলনকে সহিংস রূপ দিতে অর্থায়ন এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার গুরুতর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন।
ন্যায্য মজুরির আন্দোলন অপরাধ নয়, বলছে পুলিশ
শ্রমিকনেতাদের গ্রেপ্তার নিয়ে ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, শ্রমিক সংগঠনের সদস্য হওয়া কিংবা ন্যায্য মজুরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া কোনো অপরাধ নয়।
পুলিশ শ্রমিকদের সংগঠিত হওয়া, শান্তিপূর্ণ সমাবেশ করা এবং আইনসম্মতভাবে নিজেদের অধিকার আদায়ের দাবিকে সম্মান করে। তবে আন্দোলনের নামে সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার পাঁচ শ্রমিকনেতাসহ সংশ্লিষ্ট আসামিদের আদালতে হাজির করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। তদন্তে গুরুত্ব পাচ্ছে অর্থায়ন ও রাজনৈতিক সংশ্লিষ্টতা।
সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর পেছনে অর্থায়ন, শ্রমিকদের ওপর চাপ প্রয়োগ এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের বিষয়গুলো তদন্তে গুরুত্ব পাচ্ছে বলে পুলিশের বক্তব্যে উঠে এসেছে। তবে এসব অভিযোগের প্রকৃত সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং সহিংসতার পেছনে কোনো সংঘবদ্ধ পরিকল্পনা ছিল কি না, তা পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, সাভার ও আশুলিয়ায় সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে এবং শিল্প কারখানা ও জানমাল নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে বলছিলেন ঢাকা জেলা পুলিশ।
