হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবুর সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার ১০ নভেম্বর দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তার হাতে আঘাত লাগে। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা অবস্থায় এক যুবক তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করেন, এরপর চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। হাসিব দৌড়ে প্রাণে বাঁচেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ ও ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন বিএনপি, জামায়াত, এনসিপি ও জুলাই যোদ্ধারা। সেখানে হাবিবুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় শনাক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা হওয়ার পর পুলিশের তৎপরতা আরও বেড়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বলেন, পর্যটননগরী শ্রীমঙ্গলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
