পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ; দুর্ভোগে ৫ শতাধিক যাত্রী
লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল রেল যোগাযোগ। এতে লালমনিরহাট, রংপুর ও দিনাজপুরগামী পাঁচ শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরে বিকল ইঞ্জিনের পরিবর্তে সচল ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হলে বিকেল ৩টা ২০ মিনিটে স্বাভাবিক হয় রেল চলাচল।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে পাটগ্রাম উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেললাইনের ৫২৭/১ কিলোমিটার পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করছিল। পথে ৫২৭/১ কিলোমিটার পয়েন্টে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে মাঝপথে আটকে পড়ে ট্রেনটি। আকস্মিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন পাঁচ শতাধিক যাত্রী।
ইঞ্জিন বিকল হওয়ার কারণে লালমনিরহাট ও রংপুরের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে। বিশেষ করে জরুরি কাজে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠা যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
বুড়িমারী কমিউটার ট্রেনের পরিচালক মতিউর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পাটগ্রাম ও বুড়িমারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুর আলম জানান, লালমনিরহাট থেকে একটি সচল ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি পাটগ্রামে নিয়ে আসা হয়। পরে বিকেল ৩টা ২০ মিনিটে বুড়িমারী কমিউটার ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও জানান, বর্তমানে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
