নিজ দলের নেতাকর্মীদের মারধরে যুবদল নেতা রক্তাক্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল নগরীতে বিএনপির দলীয় সমাবেশ চলাকালীন অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতিকুল ইসলাম রাব্বি নামের যুবদলের এক সাবেক নেতা আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ চলাকালীন এ ঘটনা ঘটে। আহত আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি বরিশাল-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালীন মঞ্চের কাছাকাছি অবস্থান করছিলেন রাব্বি। এ সময় হঠাৎ করে নিজ দলের কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে মারধর করে রক্তাক্ত করা হয়।
আতিকুল ইসলাম রাব্বি অভিযোগ করে বলেন, হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন। তারা বরিশাল মহানগর বিএনপির একজন নেতার অনুসারী হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন। ঘটনার পেছনে পুরোনো বিরোধের কথা উল্লেখ করে রাব্বি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তিরা টুটুলের অনুসারী ছিলেন। সে সময় এলাকায় চাঁদাবাজির সঙ্গে তারা জড়িত ছিলেন।
রাব্বি দাবি, ওই সময় হামলাকারীরা তার দোকানে চাঁদা দাবি করেছিলেন। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পুরোনো সেই বিরোধের জের ধরেই সমাবেশের মধ্যে তার ওপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় আমরা মঞ্চে অবস্থান করছিলাম। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং ভুল বোঝাবুঝি। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
