নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেপ্তার
সংগৃহীত ছবি
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, নাশকতার মামলায় রকিবুজ্জামান পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সদর থানায় মামলা হয়েছে।
২০১৯ সালের ১ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ চঞ্চল শাহরিয়ার মীমকে সভাপতি এবং রকিবুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিল।
