মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এবাদত মীর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক তেহসিন ইফতেখার। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় এ রায় দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ সুযোগে বাবা এবাদত মীর নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে এলাকাবাসী অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় একই দিন প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।
মামলায় আসামিসহ সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায়ে এবাদত মীরকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়।
