আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাটাবন মোড় হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে একটি প্রতীকী ফাঁসির মঞ্চ নিয়ে অংশ নেন নেতাকর্মীরা, যেখানে ‘খুনি হাসিনা দেশে আয়, ফাঁসি মঞ্চ রেডি আছে’ লেখা ছিল। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
