১০ নভেম্বর ক্লাস বর্জনকারী শিক্ষকদের তালিকা চাইছে ঢাবি
গত ১০ নভেম্বর অনুষ্ঠিত ক্লাসে যেসব শিক্ষক উপস্থিত ছিলেন না, তাদের তালিকা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। ওই দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ধর্মঘটের ডাক দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ১০ নভেম্বর ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের তালিকা আজ বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে। বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে এই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ১০ নভেম্বর ক্লাস না নেওয়ার তথ্য কর্তৃপক্ষের কাছে এসেছে।
ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘কয়েকজন শিক্ষক ক্লাসে আসেননি। এ ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে এমন ঘটনা ঘটতে পারে। কোনো শিক্ষক ক্লাস নিতে না এলে এর কারণ কী, তিনি ভীতসন্ত্রস্ত কি না কিংবা তাকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছে কি না, সেগুলো যাচাই করতেই আমরা নোটিশ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, অনেক শিক্ষক আগের দিন তাদের ক্লাস বাতিল করেছেন অথবা ১০ নভেম্বর ক্লাস নিতে আসেননি। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের নিরাপত্তা ও নিশ্চয়তা দিতে চাই। বিষয়টি আমাদের জানা থাকলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হবে।’
শিক্ষকদের রাজনৈতিক বা আদর্শিক অবস্থান প্রসঙ্গে উপ-উপাচার্য বলেন, ‘একজন শিক্ষক তার নিজস্ব আদর্শিক অবস্থান ধারণ করতেই পারেন। কিন্তু আমার কাছে এটি একটি একাডেমিক বিষয়।’
শিক্ষকদের তালিকা পাওয়ার পর তাদের অনুপস্থিতির কারণ জানা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
