বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং
মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপনে ৩০ কোটি মার্কিন ডলার (৩০০ মিলিয়ন) বিনিয়োগ করবে তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং।
বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে এবং সানকোর ডেনিম বিভাগ ‘ইসকো’র মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। কারখানাটিতে একটি ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিটও থাকবে, যেখানে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সানকো হোল্ডিংয়ের বোর্ডের ভাইস চেয়ার ফাতিহ কোনুকোগ্লু ও বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা প্রস্তাবিত ৩০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় সানকোর প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস ও আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস উপস্থিত ছিলেন।
স্থানীয় অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী ও গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এছাড়া ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।
ইনভেস্ট বাংলাদেশ জানায়, প্রস্তাবিত রপ্তানিমুখী এই কারখানাটির মাসিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১ কোটি (১০ মিলিয়ন) মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল বিনিয়োগ বাংলাদেশের বস্ত্র খাতের পশ্চাৎ-সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্পকে আরও শক্তিশালী করবে এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯০৪ সালে যাত্রা শুরু করা পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে ব্যবসা পরিচালনা করছে। তাদের ডেনিম বিভাগ ‘ইসকো’ বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান, যাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৫ থেকে ৩০ কোটি মিটার এবং তারা বিশ্বের ৬০টিরও বেশি দেশে পণ্য সরবরাহ করে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে প্রতিষ্ঠানটি ইনভেস্ট বাংলাদেশের ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অংশ হিসেবে কাজ করে আসছে।
