উদ্যোক্তাদের সহায়তায় জাতীয় এসএমই মেলায় এনআরবিসি ব্যাংক
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা ও ব্যাংকিং সেবা সম্পর্কিত তথ্য জানাতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি।
উদ্যোক্তাদের দোরগোড়ায় সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তার সুযোগ তুলে ধরতেই মেলায় এই উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-এসএমই, মাইক্রো, এগ্রি-ইসলামিক) প্রধান মো. শফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত সাত দিনব্যাপী এই মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত (২২-২৮ নভেম্বর ২০২৬)। মেলায় দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। পাশাপাশি এনআরবিসি ব্যাংকের স্টল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যাংকের বিভিন্ন ঋণসুবিধা, অর্থায়ন পণ্য এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হচ্ছে।
মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, “কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে কৃষি, কৃষিজাত শিল্প এবং এসএমই খাতের ব্যাপক প্রসার ও বিকাশের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা।”
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক বর্তমানে সারাদেশে ১০৯টি শাখা ও ৪০০টি উপশাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করছে। গ্রামীণ অর্থনীতি ও স্থানীয় শিল্পের বিকাশে ব্যাংকটির উল্লেখযোগ্য ঋণপণ্যগুলোর মধ্যে রয়েছে— ‘এনআরবিসি সুফলা’, ‘এনআরবিসি গতি’, ‘এনআরবিসি কৃষকের হাসি’, ‘এনআরবিসি নারী’, ‘এনআরবিসি দেশগড়ি’ এবং ‘এনআরবিসি প্রবাসবন্ধু’।
