স্বর্ণের দাম বেড়ে যত টাকায় বিক্রি হচ্ছে আজ
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দাম সমন্বয়ের পর নির্ধারিত মূল্যেই বুধবার (২৫ নভেম্বর) বিক্রি হচ্ছে স্বর্ণ। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি করা হয়। ফলে প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের এক ভরির এই দাম পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কার্যকর থাকবে।
বাজুসের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে বিভিন্ন মানের স্বর্ণের দাম হলো- ২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক দফায় ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস। ওই সময় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। অর্থাৎ, দুই দফায় স্বর্ণের দাম বাড়ানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট ৪ হাজার ৭২৪ টাকা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ দাম বাড়ানোর আগে টানা নয় দফায় দেশের বাজারে স্বর্ণের মূল্য কমিয়েছিল বাজুস। এরপর ধারাবাহিকভাবে দুই দফায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
