বাংলাদেশের চেয়ে পাকিস্তানে স্বর্ণের দাম ৩৬-৪৪ হাজার টাকা কম
ছবি সংগৃহীত
পাকিস্তানের বাজারে স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। দেশটিতে ১৮, ২১ ও ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশের চেয়ে ৩৬ হাজার থেকে ৪৪ হাজার টাকা পর্যন্ত কম।
পাকিস্তানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৪ হাজার ১০৪ টাকা। অন্যদিকে বাংলাদেশে একই মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দুই দেশের দামের ব্যবধান প্রায় ৪৪ হাজার ৯ টাকা।
বাংলাদেশে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। পাকিস্তানে একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪৭ হাজার ১০২ টাকা। ফলে এ ক্ষেত্রে দামের ব্যবধান প্রায় ৪২ হাজার ৮৮ টাকা।
অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম বাংলাদেশে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। একই ক্যারেটের পাকিস্তানের স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৬ হাজার ২০৭ টাকা, যা বাংলাদেশের বাজারদরের তুলনায় প্রায় ৩৬ হাজার ৩৩১ টাকা কম।
তবে দুই দেশের দামের তুলনায় একটি বিষয় বিবেচনায় রাখতে হবে, বাংলাদেশের উল্লিখিত দাম ভ্যাটসহ স্বর্ণের গহনার বিক্রয়মূল্য, আর পাকিস্তানের দাম সাধারণ বাজারদর। দেশটিতে গহনা কিনতে ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত হলে প্রকৃত দামের ব্যবধান পরিবর্তিত হতে পারে।
