১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, বিদেশে চলে গেছে ৫৯ মিলিয়ন পিসের ক্রয়াদেশ
সংগৃহীত ছবি
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার বড় ধরনের আর্থিক ধাক্কা লেগেছে। নভেম্বরের প্রথম ১৮ দিনেই ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। শুধু উৎপাদন ক্ষতিই নয়, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতারা নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের এ তথ্য প্রকাশ করেছে।
সংগঠনটি জানায়, পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে মোট উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার। রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য ধরে এ ক্ষতির হিসাব করা হয়েছে।
উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রপ্তানি আদেশ নিয়েও বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। ক্রয়াদেশ ধরে রাখতে অনেক কারখানাকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও কোথাও ক্রেতাদের মূল্যছাড় দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিদেশি ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত করা ক্রয়াদেশের ৫৯ মিলিয়ন পিস পোশাক বাংলাদেশ থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে গেছেন। এসব ক্রয়াদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। বিজিএমইএর মতে, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ার বিষয়টি এই ক্রয়াদেশ স্থানান্তরের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।
প্রকৃত ক্ষতি আরও বাড়ার আশঙ্কা
বিজিএমইএর আশঙ্কা, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের তুলনায় অনেক কম। সংগঠনটির হিসাবে, অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে বাকি কারখানাগুলোর ক্ষয়ক্ষতি এই হিসাবের বাইরে রয়ে গেছে।
এ ছাড়া জরিপের তথ্য সংগ্রহের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছে সংগঠনটি।
বিজিএমইএ বলছে, এই সংকটের প্রভাব তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের সুনাম, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনাও হুমকির মুখে পড়ছে। বিপুল পরিমাণ নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঘটনা শিল্পটির জন্য বড় সতর্কবার্তা।
সংগঠনটির মতে, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এই পরিস্থিতি থেকে উত্তরণ জরুরি। উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
শুধু কারখানার উৎপাদন সচল রাখাই নয়, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখাও এখন বাংলাদেশের পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
