শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ৩-৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা বিজিবিএর
তৈরি পোশাক শ্রমিকদের চলমান শ্রমিক আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতায় দেশের পোশাক খাতে ইতোমধ্যে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব উদ্বেগের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিজিবিএ সভাপতি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিটি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ড কাজ করছে। শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সংগত এবং কারখানা মালিকদের জন্য বহনযোগ্য—এমন একটি সময়োপযোগী মজুরিকাঠামো নির্ধারণ করা জরুরি।
তবে মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি শিল্পাঞ্চলে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি। আবদুল হামিদ জানান, চলমান অস্থিরতা কেবল উৎপাদনই ব্যাহত করছে না, বরং রপ্তানির জন্য প্রস্তুত পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণেও বিলম্ব ঘটাচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিকল্প হিসেবে উড়োজাহাজে (এয়ার শিপমেন্ট) পণ্য পাঠাতে হবে, যা পরিবহন ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি বিদেশি ক্রেতাদের পক্ষ থেকে মূল্যছাড়ের (ডিসকাউন্ট) চাপও তৈরি হতে পারে।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিদেশি ক্রেতারা পণ্যের দাম ও মানের পাশাপাশি নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করার সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। বর্তমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ (অর্ডার) দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন; কিছু ক্ষেত্রে ক্রয়াদেশ কমেও গেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারবে না, এমনকি কোনো কোনো কারখানা বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এতে রপ্তানি আয়ের পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।
বিজিবিএ নেতারা আরও জানান, পোশাকশিল্পের এই সংকট কেবল কারখানার উৎপাদন ও রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নয়। এ খাতের সঙ্গে পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, বন্দর, শিপিং ও অন্যান্য সেবা খাত সরাসরি জড়িত। ফলে উৎপাদন ব্যাহত হলে পুরো সরবরাহব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয় এবং ক্ষতির চাপ সামগ্রিক অর্থনীতিতে ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের মূল শক্তি হলো প্রতিযোগিতামূলক দামে বড় পরিসরে পণ্য উৎপাদন এবং সময়মতো সরবরাহ। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পের উৎপাদন সচল রাখা—উভয় বিষয়কে সমান গুরুত্ব দিয়ে শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে দ্রুত এই অস্থিরতা নিরসন করা প্রয়োজন।
