দেশে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের তফসিলি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায়। এই অঙ্ক ওই সময়ে ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।
সংসদে অর্থমন্ত্রী বলেন, গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। তার উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল।
তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০২৪ সালে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকায় এবং খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ। সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায় পৌঁছেছে।
অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার নানাবিধ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বৈদেশিক অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের বিবরণী অনুসন্ধান করছে। এই কার্যক্রমে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন সংস্থা ও দপ্তর যুক্ত রয়েছে।
ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। পাশাপাশি অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
