ফাইন্যান্স কোম্পানির ঊর্ধ্বতন পদে নিয়োগে নতুন শর্ত
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (ফাইন্যান্স কোম্পানি) ঊর্ধ্বতন পদে নিয়োগের ক্ষেত্রে নতুন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গুরুত্ব দেয়া হচ্ছে উচ্চ পদের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ওপর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা ও কোম্পানি সচিব পদে নিয়োগে মানদণ্ড নির্ধারণ ও নতুন শর্ত আরোপ করে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
নীতিমালা অনুযায়ী, ১ হাজার কোটি টাকার ঋণ বা বিনিয়োগ স্থিতি আছে এমন ফাইন্যান্স কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা হতে হলে সংশ্লিষ্ট খাতে কমপক্ষে ১০ বছর অভিজ্ঞতা থাকতে হবে। ১ হাজার কোটি টাকার কম বিনিয়োগ থাকা ফাইন্যান্স কোম্পানিতে এই পদের জন্য ৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। এমবিএ, এমবিএম ডিগ্রিধারীদের এই পদে নিয়োগ দিতে হবে। অগ্রাধিকার দিতে হবে সিএ, সিএমএ, সিএফএ ডিগ্রিধারীদের। পাশাপাশি, হিসাব, আর্থিক প্রতিবেদনে দক্ষতার শর্তও দেয়া হয়েছে নীতিমালায়।
প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রযুক্তি খাতে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফাইন্যান্স কোম্পানিতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নিয়োগ পেতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিবন্ধিত কম্পিউটার সোসাইটির সদস্য হতে হবে।
ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানি সচিবদের। এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে কোম্পানি সচিব পদে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর ফাইন্যান্স কোম্পানির বোর্ড সেক্রেটারিয়েটেও ৪ বছরের অভিজ্ঞতা লাগবে।
তিনটি পদেই ফৌজদারি আদালতে দণ্ডপ্রাপ্তদের নিয়োগ দেয়া যাবে না। শেয়ারবাজার, ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থার আইন লঙ্ঘনে দণ্ডিতরাও এসব পদে নিয়োগ পাবেন না।
