জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে সোলার এক্সপোতে আইটেল এনার্জি
ঢাকায় শুরু হয়েছে ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে বৈশ্বিক জ্বালানি প্রযুক্তি ব্র্যান্ড আইটেল এনার্জি। এতে প্রতিষ্ঠানটি আধুনিক এনার্জি স্টোরেজ প্রযুক্তি ও বিভিন্ন জ্বালানি সমাধান প্রদর্শন করছে।
প্রদর্শনীর হল ৩-এ আইটেল এনার্জির স্টলে দর্শনার্থীরা সরাসরি প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন। পাশাপাশি নিজেদের জ্বালানিসংক্রান্ত প্রয়োজন ও সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সুযোগ পাচ্ছেন।
বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা নিয়ে আইটেল এনার্জি বাংলাদেশের স্থানীয় পরিবেশক গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের সঙ্গে যৌথভাবে দেশের বাজারের উপযোগী পণ্য ও সেবা নিয়ে কাজ করছে।
প্রতিষ্ঠানটির পণ্যসম্ভারে রয়েছে আবাসিক ব্যবহারের এনার্জি স্টোরেজ, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল (সি অ্যান্ড আই) এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম। এ ছাড়া গ্রাহকদের জন্য পণ্য কেনার আগের পরামর্শ, কারিগরি সহায়তা, বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আইটেল এনার্জির কান্ট্রি ম্যানেজার চেন ওয়াং বলেন, বাংলাদেশে পণ্য, কারিগরি দক্ষতা ও স্থানীয় সহায়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্বালানি সেবা কাঠামো গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের চাহিদা বুঝে দৈনন্দিন জ্বালানিসংক্রান্ত সমস্যার কার্যকর সমাধান দেওয়ার পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি উন্নয়নে অবদান রাখতে চান তাঁরা।
প্রতিষ্ঠানটির রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর ঝেং ঝিলিয়াং বলেন, নির্ভরযোগ্য ও স্থিতিশীল জ্বালানি সুবিধা সবার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আইটেল এনার্জি। আন্তর্জাতিক বাজারে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্থানীয় চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। পণ্য নির্বাচন থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
বাংলাদেশে আইটেল এনার্জির অনুমোদিত পণ্য বিতরণকারী প্রতিষ্ঠান গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনুর স্বায়ন্তু বলেন, আন্তর্জাতিক বাজারে আইটেল এনার্জির সাফল্য, উন্নত প্রযুক্তি ও মানসম্মত পণ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁরা ব্র্যান্ডটির সঙ্গে কাজ করছেন। পণ্য কেনার আগের পরামর্শ থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত সমন্বিত কার্যক্রম গ্রাহকদের আস্থা অর্জনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগ্রহী দর্শনার্থীরা ১৪ নভেম্বর পর্যন্ত আইসিসিবির হল ৩-এ আইটেল এনার্জির স্টল পরিদর্শন করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনী। সেখানে পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব নিয়েও আলোচনা করার সুযোগ থাকছে।
