এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান
এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এনআরবিসিবিএসএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন আসাদুজ্জামান। সোমবার (৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
আর্থিক সেবা ও পুঁজিবাজার খাতে আসাদুজ্জামানের ১৮ বছরেরও বেশি সময়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজে যোগদানের আগে তিনি ২০১০ সাল থেকে ইবিএল সিকিউরিটিজ পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি হেড অব বিজনেস এবং কোম্পানি সেক্রেটারি ও কমপ্লায়েন্স প্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম তত্ত্বাবধান করেন। এর আগে তিনি প্যাসিফিক জিন্স লিমিটেডে অডিট, রিস্ক অ্যান্ড অ্যাস্যুরেন্স ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পেশাগত যোগ্যতায় আসাদুজ্জামান অস্ট্রেলিয়ার সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ) সম্পন্ন করেন। তিনি খ্যাতনামা অডিট ফার্ম কেপিএমজি (রহমান রহমান হক)-এর অধীনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি আর্টিকেলশিপ সম্পন্ন করেছেন এবং একজন স্বীকৃত আয়কর পেশাজীবী (আইটিপি)।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এবং অন্যান্য পেশাজীবী প্রতিষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে যুক্ত থেকে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখছেন।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান। ২০১৬ সালের ১২ ডিসেম্বর কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল স্টক ব্রোকারেজ হাউস। প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ব্রোকারেজ সেবা প্রদানের পাশাপাশি অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য ওয়ান-স্টপ সেবা দিয়ে আসছে।
