১০ লিটার তেলেই সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার চুরি, পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা
ছবি সংগৃহীত
রাজধানীর একটি পেট্রোলপাম্পে জ্বালানি তেল পরিমাপে ভয়াবহ জালিয়াতির ঘটনা উদঘাটন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহের বিপরীতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এ অপরাধে পেট্রোলপাম্পটিকে ৫ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তিনটি তেল সরবরাহকারী যন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর পশ্চিম কাফরুলে পরিচালিত বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জালিয়াতি ধরা পড়ে।
বিএসটিআই জানায়, বেগম রোকেয়া সরণির ২২০/এ-২ নম্বর ঠিকানায় অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনের তিনটি তেল সরবরাহকারী যন্ত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি অকটেন সরবরাহকারী যন্ত্রের তিনটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া একটি ডিজেল সরবরাহকারী যন্ত্রের দুটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার প্রমাণ মেলে।
অর্থাৎ, ১০ লিটার জ্বালানি কেনার পরও গ্রাহক পাচ্ছিলেন নির্ধারিত পরিমাণের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম তেল। এভাবে পরিমাপে কারচুপি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।
এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি তেল সরবরাহকারী যন্ত্র বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি এবং ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
