এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির জন্য চিঠি
ছবি: সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন ভাতা প্রদান-সংক্রান্ত আদেশ জারির জন্য চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়।
এতে বলা হয়, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষকগণের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং সার্বিক পরিষেবা উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বাড়িয়েছে। এতে শিক্ষার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাদারত্ব বাড়বে।
বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ ঘোষণা করা হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল প্রদান-সংক্রান্ত আদেশ জারি করা হয়নি।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ প্রদানের বিষয়ে আদেশ জারি করা প্রয়োজন।
এমতাবস্থায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন ভাতা প্রদান-সংক্রান্ত আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।
