গ্রামীণ অর্থায়নে ৫ হাজার ৫৩৩ কোটি টাকা ক্ষুদ্রঋণ, নারী উদ্যোক্তাদের অর্থায়ন ২৭০ কোটি টাকা
৭৪ হাজার টন কার্বন নিঃসরণ, ১৫০ গাছ রক্ষায় কাগজ সাশ্রয় এনআরবিসি ব্যাংকের
ছবি সংগৃহীত
ডিজিটাল রূপান্তর, গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়ন এবং পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমে নিজেদের অগ্রগতি তুলে ধরে ‘ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট’ বা ‘উদ্ভাবনই পরিবর্তনের চালিকাশক্তি’ প্রতিপাদ্যে ২০২৫ সালের টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।
সোমবার (৯ নভেম্বর) ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া প্রধান অতিথি হিসেবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) মানদণ্ড অনুসরণ করে তৈরি এ প্রতিবেদনে ব্যাংকটির টেকসই উন্নয়ন, কার্বন নিঃসরণ কমানো, সম্পদের দক্ষ ব্যবহার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রথমবারের মতো বৈশ্বিক পিসিএএফ কাঠামো অনুসরণ করে ব্যাংকটির অর্থায়নজনিত স্কোপ-৩ কার্বন নিঃসরণ হিসাব করা হয়েছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮১৮ দশমিক ১১ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য।
একই সময়ে ব্যাংকের স্বয়ংক্রিয় ঋণ প্রক্রিয়াকরণ ব্যবস্থার মাধ্যমে ৯১ হাজার ৮৪০টি ঋণ প্রক্রিয়াকরণ করে প্রায় ১২ লাখ শিট কাগজ সাশ্রয় হয়েছে। ব্যাংকটির হিসাবে, এ উদ্যোগের ফলে প্রায় ১৫০টি গাছ সংরক্ষণে সহায়তা হয়েছে।
গ্রামীণ অর্থনীতিতে অর্থায়নের ক্ষেত্রেও অগ্রগতির তথ্য দিয়েছে ব্যাংকটি। ২০২৫ সালে ১ লাখ ১৭ হাজার ৯৯৪ জন গ্রামীণ ঋণগ্রহীতাকে ৫ হাজার ৫৩৩ কোটি ৫৩ লাখ টাকা ক্ষুদ্রঋণ দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন করা হয়েছে ২৭০ কোটি ৭৯ লাখ টাকা। এ ছাড়া সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ১ লাখ ৮৩ হাজার ৬৬৪ জন সুবিধাভোগীকে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক সহায়তা দিয়েছে ব্যাংকটি।
প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, এনআরবিসি ব্যাংককে স্বল্প-কার্বন নিঃসরণ ও সম্পদের দক্ষ ব্যবহারভিত্তিক অর্থনৈতিক মডেলের দিকে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদ কাজ করছে। টেকসই উন্নয়ন ব্যাংকটির দীর্ঘমেয়াদি সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক পরিচয়ের অন্যতম ভিত্তি।
তিনি বলেন, ঋণনীতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে টেকসই ব্যাংকিংয়ের নীতিমালা যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে সবুজ অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চায় ব্যাংকটি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ২০২৫ সালের প্রতিবেদন প্রমাণ করে, ডিজিটাল উদ্ভাবন পরিমাপযোগ্য আর্থসামাজিক ও পরিবেশগত ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি স্বল্প-কার্বন নিঃসরণভিত্তিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এনআরবিসি ব্যাংক কাজ করছে।
তিনি আরও বলেন, কর্মীদের দক্ষতা বাড়াতেও পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি), ঋণ ব্যবস্থাপনা এবং কমপ্লায়েন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলামসহ টেকসই প্রতিবেদন প্রণয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক ২০২৪ সালে প্রথমবারের মতো টেকসই প্রতিবেদন প্রকাশ করে। দ্বিতীয়বারের মতো প্রকাশিত ২০২৫ সালের প্রতিবেদনটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
