৭ নভেম্বর বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক
আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আবদুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের জারি করা স্মারকের অনুবৃত্তিক্রমে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় আগামী ৭ নভেম্বর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। একই বৈঠকে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
