খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা
সংগৃহীত ছবি
দেশের খোলা বাজারে মার্কিন ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় বাড়তে শুরু করেছে দাম। বর্তমানে প্রতি ডলার ১২৮ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ডলারের দাম ছিল ১২৬ টাকা। আর মাসখানেক আগে প্রতি ডলার কেনাবেচা হয়েছে ১২৪ টাকায়।
বাজারে ডলারের চাহিদা বাড়লেও সে তুলনায় সরবরাহ না থাকায় দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানা গেছে।
খোলা বাজারের পাশাপাশি ব্যাংকেও ডলারের দাম বেড়েছে। বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার ১২৩ টাকা ৯৯ পয়সায় লেনদেন হয়েছে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন দর একই ছিল।
অন্যদিকে, আমদানি ঋণপত্র বা এলসিতে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৪ টাকা ৩০ পয়সায় পৌঁছেছে। এতে আমদানি ব্যয় এবং বৈদেশিক দায় পরিশোধে খরচ বাড়ছে।
এ পরিস্থিতিতে বাজারে ডলারের সরবরাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার রিজার্ভ থেকে ১২ কোটি ২৪ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘদিন পর রিজার্ভ থেকে ডলার বিক্রির এ উদ্যোগ নেওয়া হলো।
