স্কয়ার টেক্সটাইলের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ প্রস্তাব
সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি কারখানার আধুনিকায়ন, যন্ত্রপাতি ও জমি কেনাসহ ব্যবসা সম্প্রসারণে ৬০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৫০ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ১৬ পয়সা।
এর আগের অর্থবছর, অর্থাৎ ২০২৪-২৫ সালেও শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল স্কয়ার টেক্সটাইল। সে বছর শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭ টাকা ২৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২ টাকা ৭৪ পয়সা।
এদিকে ব্যবসার সক্ষমতা বাড়াতে কারখানার সংস্কার, ভারসাম্য রক্ষা, প্রতিস্থাপন ও আধুনিকায়ন (বিএমআরই), মূলধনি যন্ত্রপাতি সংগ্রহ এবং জমি কেনার পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি। এসব কাজে মোট ৬০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।
লভ্যাংশ অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ১৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
