৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
মার্চের ১০ তারিখের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারের মধ্যে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন খাদ্যবান্ধব কর্মসূচি এগিয়ে নেওয়ায় কর্মসূচি ১ মার্চ থেকেই লিফটিং করতে বলেছি। ১ থেকে ২০ মার্চ পর্যন্ত চাল বিতরণের সিদ্ধান্ত ছিল। সেটা এখন ১০ মার্চের মধ্যে শেষ করা হবে।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নর জবাবে তিনি এ তথ্য জানান।
এতে বাজারে স্বস্তি ফিরবে কি না, জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, আমি মনে করি, দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা কেজি দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে আমি মনে করি।
এই প্রক্রিয়ায় কোনো হালনাগাদ তথ্য জানাতে পেরেছেন কি ডিসিরা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ডিসি, মিল মালিকদের সঙ্গে মিটিং শুরু করেছি। ধান ও চালের জাতের যে নমুনা, সেটা তাদেরও সরবরাহ করা হচ্ছে। ধান গবেষণা ইনস্টিটিউট সে জাতগুলো দিয়েছে। আউশ, আমন ও বোরোতে কোন কোন জাত, কোনটা মোটা, মাঝারি ও সরু, সেটা জানিয়েছে।
