সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা
দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এই নতুন দর আজ শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় নামানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সকালে সোনার দামে ভ্যাট সমন্বয় করে প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়েছিল বাজুস। ওই দিন ভ্যাটসহ ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৯ বার, কমেছে ৩৭ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল; তাতে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমে।
