দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করলেন কমিউনিটি ব্যাংকের এমডি
পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত এমডি কিমিয়া সাদাত।
আগামী ১৪ মে তার পূর্ণাঙ্গ এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের কথা ছিল। তবে তার আগেই বুধবার (৬ মে) তিনি ব্যাংকটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, পুলিশের ঊর্ধ্বতন মহলের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে সরে যেতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতেই তিনি পদত্যাগপত্র জমা দেন।
জানা গেছে, কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি কিমিয়া সাদাতকে পূর্ণাঙ্গ এমডি হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংকও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেই নিয়োগ অনুমোদন করেছিল।
চেয়ারম্যানের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে কিমিয়া সাদাত উল্লেখ করেন, ব্যক্তিগত কারণেই তিনি কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী তিন মাসের নোটিশ সময় শেষে তার পদত্যাগ কার্যকর হবে। একই সঙ্গে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
২০২৫ সালের এপ্রিলে কমিউনিটি ব্যাংকের নেতৃত্বে আসেন কিমিয়া সাদাত।
কিমিয়া সাদাতের আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে ব্যাংক খাতে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
